মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরো বেড়েছে।
সোমবার সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)–এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।
এর মধ্য দিয়ে গত সপ্তাহে শুরু হওয়া তেলের দাম বাড়ার ধারা অব্যাহত থাকল। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।
তেলের দামের এই ঊর্ধ্বগতির মধ্যে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।
বাব আল-মান্দাব লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


