সৌদি আরবের মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত ও বাহরাইন । সৌদি নেতৃত্বাধীন জোট হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করেছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্র মঙ্গলবার হামলার শিকার হয়। হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সচল ছিল। এখান থেকে মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ওআইসি হামলাকে পবিত্র স্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কুয়েতও হামলাকে সৌদি সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার অভিযোগ তুলে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে বাহরাইন। সেইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেন, তদন্ত, অভিযানসংক্রান্ত তথ্য ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হামলায় হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


