ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পারমাণবিক কেন্দ্রে আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় প্রতিষ্ঠানটি। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর ফ্রান্স২৪-এর।

পরমাণু কেন্দ্রটির পক্ষ থেকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। পারমাণবিক কেন্দ্রটিতে বিকিরণের মাত্রা স্বাভাবিক ছিলো। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

প্ল্যান্টের প্রেস সার্ভিস জানায়, ইউক্রেনের সীমান্তের খুব কাছে অবস্থিত কুরস্ক পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্ল্যান্টের তৃতীয় ইউনিটের অপারেটিং ক্ষমতা কমে গেছে অন্তত ৫০ শতাংশ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বারবার পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে লড়াইয়ের বিষয়ে সতর্ক করে আসছে।

এই কেন্দ্রটি রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত। প্রায় চার লাখ ৪০ হাজার জনসংখ্যার এই অঞ্চলের রাজধানী কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত।

ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। এরআগে কিয়েভ জানায়, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলা ইউক্রেনের ওপর রাশিয়ার অব্যাহত আক্রমণের প্রতিক্রিয়া। মস্কোর সামগ্রিক সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে তারা হামলা চালাচ্ছে।

ইউক্রেন আজ তার স্বাধীনতা দিবস উদযাপন করছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে দেশটির স্বাধীনতা লাভ করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন