২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। বুধবার বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানায়, জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিলো।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বুধবার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গাহরেমানি বলেন, ওমান সাগরে ইরানের সমুদ্র সীমায় সন্দেহজনক জ্বালানি চোরাচালান কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছিল। এই নজরদারির মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একটি বিদেশী তেল ট্যাঙ্কার পরিদর্শন করেন। আইনি কাগজপত্র অসম্পূর্ণ থাকায় জ্বালানি চোরাচালানের সন্দেহে জাহাজটি আটক করা হয়েছে।

তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে।

তিনি আরো জানান, জ্বালানির পরিমাণ নিশ্চিত করতে প্রমাণ সংগ্রহ করছে কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ ও পরীক্ষাগার পরীক্ষা এবং জাহাজের নথিপত্র যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরে বিচার বিভাগ মামলার ফলাফল ঘোষণা করা হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন