ইঞ্জিনে আগুন লাগায় জরুরি অবতরণন করতে বাধ্য হয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ-আকাশে আগুন দেখা দেয় ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে। এতে আতঙ্কিত হয়ে পড়েন আরোহীরা। বিমানটিতে ৯০ জন আরোহী ছিলেন। খবর এনডিটিভির।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, আগুন লাগার পরপরই ককপিট থেকে দ্রুত ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।
আজ রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। ৩০ মিনিটের মতো আকাশে থাকার পর বিমানটি সকালে ৬টা ১৫ মিনিটের দিকে জরুরি অবতরণ করে।
এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ফ্লাইটটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন ইঞ্জিনে সমস্যা হলো, আর কোনও সমস্যার আশঙ্কা আছে কি না, দেখা হচ্ছে। আপাতত ওই বিমানের যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের দুর্ভোগের জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।
যাত্রীদের বিকল্প বিমানে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



