স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা, ক্ষমতায় ফেরার পথে কট্টর ডানপন্থিরা

স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা, ক্ষমতায় ফেরার পথে কট্টর ডানপন্থিরা
স্পেনের বিরোধী দল পিপলস পার্টির নেতা ও প্রার্থী আলবার্তো নুনেজ ফেইহো। ছবি: সংগৃহীত।

স্পেনের সাধারণ নির্বাচনে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। তবে সরকার গঠনের জন্য দলটিকে কট্টর ডানপন্থি ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে বলে জনমত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভক্স যদি পিপির নেতৃত্বাধীন সরকারে যোগ দেয়, তাহলে পশ্চিম ইউরোপে প্রথমবারের মতো কোনো কট্টর ডানপন্থি দল ক্ষমতাসীন জোটের অংশ হবে। একই সঙ্গে ফ্রাঙ্কোর শাসনামলের পর এই প্রথম স্পেনে কট্টর ডানপন্থিরা ক্ষমতায় আসার সুযোগ পাবে।

জরিপ ও বুথফেরত ভোটারদের ওপর পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে, আট বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ও সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজের বিদায় ঘটতে পারে। এ সময়ে মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির পাশাপাশি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর ক্ষমতারও সমালোচনা করে আলোচনায় এসেছেন তিনি।

আবাসন সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভের পর আগাম নির্বাচনের ডাক দেন সানচেজ। মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবাসন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপসংক্রান্ত অধ্যাদেশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর নতুন জনসমর্থন পেতেই আগাম নির্বাচনের প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি।

তবে চলতি বছর বিভিন্ন আঞ্চলিক নির্বাচনে সানচেজের সমাজতান্ত্রিক দল পিএসওই একাধিক ধাক্কা খেয়েছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে পিপির সঙ্গে সমাজতান্ত্রিক দলের ব্যবধান কমার ইঙ্গিত পাওয়া গেলেও কট্টর বামপন্থিদের সমর্থন কমেছে। সরকার গঠনের জন্য সানচেজের এই বামপন্থী দলগুলোর সমর্থন প্রয়োজন হতো।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইর জন্য গত দুই সপ্তাহে ১৯ হাজার ৫০০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত জরিপে বলা হয়েছে, পিপি ১৩১ থেকে ১৩৬টি এবং ভক্স ৪৪ থেকে ৪৮টি আসন পেতে পারে। সে ক্ষেত্রে দল দুটি সম্মিলিতভাবে ১৭৫ থেকে ১৮৪টি আসন পাবে। স্পেনের ৩৫০ আসনের নিম্নকক্ষে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭৬টি আসন।

জরিপে পিএসওইর ১১৯ থেকে ১২৪টি আসন এবং কট্টর বামপন্থী ব্রড ফ্রন্টের প্রায় ১০টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর বেশির ভাগ আঞ্চলিক দলগুলোর মধ্যে ভাগ হতে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বুথফেরত জরিপে পিপি ৩২ দশমিক ২ শতাংশ, সমাজতান্ত্রিক দল ২৮ দশমিক ৮ শতাংশ, ভক্স ১৬ দশমিক ২ শতাংশ এবং ব্রড ফ্রন্ট ৬ শতাংশের কম ভোট পেতে পারে বলে ধারণা করা হয়েছে।

নির্বাচনে ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিলেন। ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টা আগে পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫০ বছর আগে স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ।

নির্বাচনকে স্পেনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেক ভোটার। সাবেক প্রধানমন্ত্রী ও পিপি নেতা হোসে মারিয়া আজনার গত বৃহস্পতিবার বলেন, ‘এটি অস্তিত্ব রক্ষার নির্বাচন।’

সূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...