কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। সরকারি-বেসরকারি স্থাপনা, থানা ও জনবহুল এলাকায় ককটেল নিক্ষেপ করেছে দলটির নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার এসব ঘটনা ঘটে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানায় পদ্মা সেতুসংলগ্ন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। নাওডোবা এলাকায় নিহত হন ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগকর্মী এবং সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। অন্যদিকে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে সংঘর্ষে নিহত হন আওয়ামী লীগকর্মী নিজামউদ্দিন মৃধা। তিনি মৌলভীকান্দির দাদন মৃধার ছেলে। এই দুজন নিহতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, জাজিরায় প্রাণহানি ঘটেছে অন্তর্কোন্দলের জেরে।
জানা গেছে, পাবনার বেড়া মডেল থানায় গতকাল ভোরে আকস্মিক হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র ফালা ও বল্লম নিক্ষেপ এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় । পুলিশ তাৎক্ষণিকভাবে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করেন। এ সময় সন্ত্রাসীরা পুলিশের একটি মোটরবাইকে আগুন এবং একটি দূরপাল্লার বাস ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন । ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেড়া থানার ওসি গোলাম মোস্তফা।

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের পাশে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর জিয়ানগর উপজেলার গ্রামের বাড়ি সাউদখালীতে রাতের আঁধারে একটি পরিত্যক্ত দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত দেড়টার দিকে সৌদিপ্রবাসী জাহিদুল চৌধুরীর পরিত্যক্ত দোকানে আগুন দেওয়া হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন সফল করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা
জামালপুরে গতকাল ভোরে দুটি স্থানে নাশকতার চেষ্টা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। শহরের ভোকেশনাল মোড়ে রাজিব পরিবহনের বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাস লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করা হয়েছে। দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল হাইটেক সিটির ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা।
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন
গোপালগঞ্জের মুকসুদপুরে জলিরপাড়ে লকডাউন কর্মসূচি চলাকালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকটির আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথমদিনে গোপালগঞ্জে বন্ধ ছিল দোকানপাট। জেলার প্রধান সড়ক থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। কোথাও কোথাও সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী দুর্বৃত্তরা। এ সময় সবার হাতে লাঠি ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। এতে জেলার সঙ্গে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাহত হয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
সাতক্ষীরা সীমান্তে যুবক আটক
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ও নাশকতা চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া প্রান্ত তালুকদারকে (২০) আটক করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে তাকে আটক করে বিজিবি। তিনি টুঙ্গিপাড়ার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। শনিবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪এস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
ময়মনসিংহের গৌরীপুরে ঈশ্বরগঞ্জ-নেত্রকোনা হাইওয়ে সড়কে পুলিশের টহলকালে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোকাইনগর ইউনিয়নের স্বপ্নপুরী ফুডপার্কের কাছে ব্রিজে এ মশাল মিছিল করেন তারা। এ ঘটনায় আল-আমীন (৩২) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আল-আমীন টাংগাটিপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।
কুষ্টিয়ায় বিচারকের বাসভবনে পেট্রোলবোমা
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে এ দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উজিরপুরে মশাল মিছিল
বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নে মশাল মিছিল করেছে আওয়ামী দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে এ মিছিল বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুমিল্লায় আ.লীগের ৬২ জন গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গত ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর থেকে গতকাল দুপুর) জেলাজুড়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ সদস্যসহ ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রানাকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গতকাল সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল সীমিত ছিল। তবে মাহেন্দ্রা টেম্পু-অটোসহ অন্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
খুলনায় রেললাইনে আগুন
কথিত লকডাউনকে কেন্দ্র করে খুলনার বিভিন্ন স্থানে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ভবনের কাচ ভেঙে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেন খানজাহান আলী থানার ওসি আবুল বাসার।
ফেনীতে নির্বাচন-ভূমি অফিসে অগ্নিসংযোগ
ফেনীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দাগনভূঞার একটি মহিলা আলিম মাদরাসা, সোনাগাজীর একটি সাবরেজিস্ট্রি অফিস এবং জেলা নির্বাচন অফিসের ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শহরের এসএসকে সড়কসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে নির্বাচন অফিসের ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল
গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। কথিত ৪৮ ঘণ্টার লকডাউন সামনে রেখে দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীরা জানিয়েছেন। শনিবার গভীর রাতে পবার ভূগরোইল মোড় এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে। নিক্ষেপ করা তিনটি পেট্রোলবোমার মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন তারা। গতকাল ভোর থেকে শুরু হয় অবরোধ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা।
ঈশ্বরদীতে মহাসড়ক অবরোধের চেষ্টা
পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
ঢাকায় ৪৪২ জন গ্রেপ্তার
ঢাকায় আওয়ামী লীগের ৪৫ জনসহ ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব ঘটনায় ৪১টি মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৬, তেজগাঁও বিভাগ ৬৭, মিরপুর বিভাগ ১১১, গুলশান বিভাগ ৩০, উত্তরা বিভাগ ৪৪ এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করে।
জানা গেছে, লালবাগ থেকে ছাত্রলীগকর্মী মাহিরকে চারটি পেট্রোলবোমাসহ এবং যুবলীগ নেতা শাহীনকে দুটি পেট্রোলবোমাসহ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন











