গণমাধ্যমকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পেরেছিল বলে মন্তব্য করেছেন গোলটেবিল বৈঠকের বক্তারা। তারা বলেন, গণমাধ্যমের শীর্ষ পদে পছন্দের লোককে বসানো হলেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে। বক্তাদের অভিযোগ, ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও আন্দোলনের পক্ষের ব্যক্তিদের নতুন করে ‘হত্যাযোগ্য’ করার মিশনে নেমেছে। গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংস্কার না করলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবং জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও ‘ডি-ফ্যাসিজম’ বা ফ্যাসিবাদের কাঠামোগত মূলোৎপাটনের প্রক্রিয়া শুরু করা জরুরি।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’ (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পেরেছিল। এর মাধ্যমে সুবিধামতো বয়ান ও ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। বিগত ১৭ বছরের শাসনকালে দেশের প্রধান দুটি সংবাদপত্র ও মিডিয়া ‘দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে’ বলে পরিকল্পিত বয়ান তৈরি করেছিল, কিন্তু প্রকৃত পরিচয় বা প্রশিক্ষণের উৎস কখনো জানানো হয়নি। বরং বাড়িঘর ঘেরাও করে পরিবারকে বের করে আনার মতো ঘটনার পটভূমি এই মিডিয়াই তৈরি করেছিল।
তিনি আরও বলেন, মিডিয়া হাউসগুলোর শীর্ষ পদে পছন্দের লোক বসিয়ে মোটা অঙ্কের বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হলেও ভেতরে পুরোনো সেটআপ রয়ে গেছে। জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও গণমাধ্যমসহ সর্বত্র ‘ডি-ফ্যাসিজম’ শুরু করা জরুরি। সম্প্রতি টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের পর দেশের প্রায় ৩০টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট সাংবাদিক বা মিডিয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘কাল্ট ও ধর্মের মতো’ আখ্যা দিয়ে দিলারা চৌধুরী বলেন, দলটির শীর্ষ পর্যায়ের বয়ান তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার চ্যানেলে কিছু মিডিয়াও কাজ করছে।
রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ১৯৭২ সালের সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র তৈরি না করা পর্যন্ত গণমাধ্যমসহ রাষ্ট্রের সর্বত্র ফ্যাসিবাদের বীজ থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ‘উপদেষ্টা সরকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, আগের শাসন কাঠামো ও আইন-কানুন বহাল রেখে ‘হাসিনাহীন হাসিনা ব্যবস্থা’ রক্ষা করাই ছিল এই সরকারের মূল দায়িত্ব। সাংবাদিকদের মূল দায়িত্ব হওয়া উচিত ফ্যাসিবাদের আসল রূপ চিহ্নিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মৌলিক পরিবর্তনের অভিপ্রায় সঠিকভাবে তুলে ধরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সভাপতি এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য ছিল, সাম্প্রতিক সময়ে তা প্রায় আগের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল এবং মূলধারার গণমাধ্যমের সামাজিক মাধ্যমের পেজ ও চ্যানেলগুলোতে জুলাইয়ের শক্তিকে নতুন করে হত্যাযোগ্য করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্তর্বর্তী সময়ে গণমাধ্যম সংস্কারে আন্তরিক প্রচেষ্টা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা বাধাগ্রস্ত হয়েছে এবং যেসব আমলা বা সচিব জুলাইয়ের শক্তিকে সহায়তায় বাধা দিয়েছেন, তারা এখনো পদে বহাল আছেন বলে দাবি করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, মিডিয়া থেকে ফ্যাসিবাদকে অবশ্যই বিদায় করতে হবে; কারণ মিডিয়ার অধিকাংশ মালিকই ফ্যাসিবাদের নিয়োগকৃত লোক। সরকার গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংস্কার করতে না পারলে সবার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সেজন্য শর্ত না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, গত ৫৪ বছর ধরেই ফ্যাসিবাদের মধ্যে বসবাস করা হচ্ছে। ১৬ বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হলেও সংবাদমাধ্যমে তা কিছুই না হিসেবে দেখানো হয়েছে এবং পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার সময় গণমাধ্যমের ভূমিকা ছিল না বলে অভিযোগ করেন তিনি।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য আবার বাড়ছে। তথাকথিত ‘ব্যালেন্সড নিউজ’-এর নামে গণহত্যার বয়ান তৈরি করা হচ্ছে এবং অতীতে ফ্যাসিবাদের দালালি করা সাংবাদিকদের আবার পুনর্বাসিত করা হচ্ছে। বিপরীতে জুলাই আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে সংবাদ পৌঁছে দেওয়া সাহসী সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মিডিয়ায় যাঁরা এখনো আওয়ামী বয়ান তৈরি করছেন, ফ্যাসিবাদের দালালি করছেন এবং অতীতে গণহত্যাকে জায়েজ করেছেন, তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে।
জেজেইউ আহ্বায়ক ও ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমি, গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিব্বির আহমেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


