মুঠোফোনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ঢাকা কলেজে সংগঠনটির এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটকের পর মুন্নার ব্যক্তিগত মুঠোফোন তল্লাশি করে ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। পরে মুঠোফোনের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগকারী অন্য নেতাদের ধরতে অভিযানে বের হন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, আটক মুন্না ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে ক্যাম্পাস এলাকায় এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করে পুলিশে খবর দিয়েছি। তার মুঠোফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানের ছাত্রলীগের বড় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কর্মীকে আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


