প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন

জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, ২০২৮ সালের শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন

জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, ২০২৮ সালের শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগেই সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তবে সময়স্বল্পতার কারণে চলতি শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। এ পরিস্থিতিতে ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে ‘সুধীজন সংলাপ: কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় এসব কথা বলেন মাহ্দী আমিন।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী বছরের শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের কাজে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ একসঙ্গে কাজ করছেন। এ ছাড়া নির্বাচনি ইশতেহার প্রণয়নের সময় গঠিত শিক্ষা দলের বরেণ্য সদস্যরাও এ প্রক্রিয়ায় নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সময়সীমা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই সংশ্লিষ্ট কাজ শেষ করতে হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী আলোচনা ও মতামত গ্রহণের জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হয়নি। এ কারণে প্রথম বছরেই শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার প্রত্যাশিত মাত্রায় করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ধরনের ভুলভ্রান্তি ছিল। এনসিটিবির অধীনে গঠিত দলগুলো পুরো বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে। তবে পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন একটি চলমান প্রক্রিয়া।

উন্মুক্ত আলোচনার উদ্দেশ্য তুলে ধরে মাহ্দী আমিন বলেন, আজকের সভায় বলার চেয়ে শোনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে তথ্য ও নীতিগত পরামর্শ দিয়ে আসছেন—এমন বিশিষ্টজনদের মতামত ও অভিজ্ঞতা গ্রহণই এ আয়োজনের মূল লক্ষ্য। তাদের প্রস্তাবগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষাবিদদের আরও গভীরভাবে শিক্ষাক্রম প্রণয়ন ও সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান নীতিমালাগুলো দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার প্রতিফলন বলে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষাসংশ্লিষ্ট এসব নীতিমালা নিয়ে প্রধানমন্ত্রী বহু বছর ধরে কাজ করছেন। শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ একটি দলের ভাবনাগুলো অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিমার্জন ও সংস্কার করে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি আলোচিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, এ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কথা বলে আসছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনার অংশ। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলো যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি হিসেবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এসব বিষয় তুলে ধরছেন।

প্রধানমন্ত্রী শিক্ষাকে কেবল বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না উল্লেখ করে তার এই উপদেষ্টা বলেন, শিক্ষার প্রধান লক্ষ্য দুটি। প্রথমত, সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। অর্থাৎ, পুরো শিক্ষাব্যবস্থার মাধ্যমে সরকার একই সঙ্গে ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করতে চায়।

সরকারের সাম্প্রতিক শিক্ষা উদ্যোগের কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন কিংবা আশানুরূপ ফল করতে পারেননি, তাদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদীয় গণতন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। এভাবে সমন্বিত বা ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।

আলোচনায় শিক্ষাবিদদের দেওয়া সব প্রস্তাব ও মতামত নোট আকারে লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান মাহ্দী আমিন।

উন্মুক্ত আলোচনায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক, পত্রিকার সম্পাদক, টেলিভিশনের হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, অভিভাবক এবং আইসিটি বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...