ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআরবির সফটওয়্যার

ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআরবির সফটওয়্যার

ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণের জন্য বিনা মূল্যের একটি সফটওয়্যার তৈরি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ‘ডিজেনরিজলভ’ নামের এই সফটওয়্যারটি ব্যবহার করে শক্তিশালী কম্পিউটার, বিশেষজ্ঞের সহায়তা কিংবা জটিল কোডিং ছাড়াই ন্যানোপোর সিকোয়েন্সার থেকে পাওয়া কাঁচা (র) ডেটা বিশ্লেষণ করে ব্যবহারযোগ্য জিনোম সিকোয়েন্স তৈরি করা যাবে।

আইসিডিডিআরবি জানিয়েছে, এই উদ্ভাবনের ফলে সীমিত সুবিধার গবেষণাগারগুলোতেও সময়ের সঙ্গে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু)-র মতো ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সফটওয়্যারটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো শোয়েব সৈকত। এর কার্যকারিতা বিশ্লেষণে কাজ করেছেন আইসিডিডিআরবির ওয়ান হেলথ ল্যাবরেটরি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিজ্ঞাপন

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দলটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে সফটওয়্যারটির কার্যকারিতা পরীক্ষা করে। এ সময় ডিজেনরিজলভ থেকে পাওয়া ফলাফলের সঙ্গে তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ‘ইলুমিনা’র ফলাফল মিলিয়ে দেখা হয়, যাতে দুই পদ্ধতির ফলাফলে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি র‍্যামের সাধারণ ল্যাপটপেও সফটওয়্যারটি ইন্টারনেট ছাড়াই নির্বিঘ্নে চলে। বিশেষ করে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই কিংবা তথ্যের নিরাপত্তার কারণে অনলাইনে ডেটা প্রক্রিয়াকরণ সম্ভব নয়, সেসব প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত কার্যকর।

গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক এবং আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ বা পর্যাপ্ত রিসোর্স নেই। ডিজেনরিজলভ ঠিক এই গবেষণাগারগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা এতদিন সবচেয়ে ধীরগতির ও ব্যক্তিভেদে পরিবর্তনশীল (সাবজেক্টিভ) ধাপ ছিল। কিন্তু ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণ লিপিবদ্ধ করে রাখে।

গবেষণাটির প্রধান লেখক শোয়েব সৈকত জানান, এই সফটওয়্যারটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বেশি গবেষণাগারে রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন অনুসরণ করতে সাহায্য করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন