ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে ব্যবহারের অনুপযোগী দুটি লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার আদালত ভবন প্রাঙ্গণে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন লিফট দুটি স্থাপন করা হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীসহ সবার যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, যার কার্যাদেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতালির তৈরি ‘মুভি’ (Movi) ব্র্যান্ডের প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। ছয়টি স্টপেজবিশিষ্ট লিফট দুটি ইতোমধ্যে প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


