আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক

আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগ নেতা আটক

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের অভিযানে সাইদুল ইসলাম নামে ওয়ার্ড যুবলীগের এক সাধারণ সম্পাদককে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক সাইদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোফাজ্জলের অনুসারি বলে জানা গেছে। তাকে আটকের পর তার বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে বাঁশের তৈরী বেশ কিছু লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সুতিরপাড় এলাকায় অভিযান চালায় গৌরীপুর থানা পুলিশ। এ সময় সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানকালে আটক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গল থেকে বেশ কিছু বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এ লাঠিগুলো জড়ো করা হয়েছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, রোববার বিকেলে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন