সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান: মোহসেন রেজায়ি
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত

নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরের সুযোগ নেই।

বিজ্ঞাপন

লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা জানান। এ সময় তিনি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

রেজায়ি জানান, রাশিয়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। তবে তেহরানের সিদ্ধান্তের বিষয়টি মস্কোকে জানিয়ে দেওয়া হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরেই সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি দেশটি।

আন্তর্জাতিক তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিম্নমাত্রায় নামিয়ে আনার বিষয়ে ইরান আলোচনার সুযোগ রেখেছে। ফলে ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর না করে এর সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়টি সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে রয়েছে।

ইরানের এই অবস্থান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতপার্থক্যের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন