জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্যের গ্রিন পার্টি

জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে ঘোষণা করল যুক্তরাজ্যের গ্রিন পার্টি
ছবি: মিডল ইস্ট আই

যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্যরা জায়নবাদকে ‘বর্ণবাদের’ একটি রূপ হিসেবে ঘোষণা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ব্রাইটনে দলীয় সম্মেলনে রোববার এ বিষয়ে একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হয়। প্রস্তাবটির পক্ষে ১ হাজার ২২ জন এবং বিপক্ষে ৮১৩ জন ভোট দেন।

প্রস্তাবে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই-রাষ্ট্র সমাধানের পরিবর্তে তারা এমন একটি একক গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছে, যেখানে সব জাতি ও ধর্মীয় গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত থাকবে।

বিজ্ঞাপন

দলের কো-ডেপুটি নেতা মতিন আলি প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে বলেন, জায়নবাদ একটি জাতিগত-জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থার ধারণা। জায়নবাদ জাতিগত নিধনের জন্ম দিচ্ছে, যার মূলে রয়েছে একদল মানুষকে অন্য দলের চেয়ে শ্রেষ্ঠ মনে করার ধারণা।

তবে গ্রিন পার্টির এমপি কার্লা ডেনিয়ার ও অ্যাড্রিয়ান রামসে প্রস্তাবটির সমালোচনা করেছেন। দলের পাঁচ এমপি যৌথ বিবৃতিতে বলেন, তারা কোনো ধরনের বৈষম্য বা হয়রানি সহ্য করবেন না এবং ফিলিস্তিনিদের অধিকার ও ইহুদি জনগোষ্ঠীর অধিকার সমর্থনের মধ্যে কোনো বিরোধ নেই।

প্রস্তাবটি নিয়ে ইহুদি সদস্যদের মধ্যে উদ্বেগও দেখা দেয়। দলের নেতা জ্যাক পোলানস্কি বলেন, ইহুদি সদস্যরা যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হন, তা প্রস্তাবে স্পষ্টভাবে নিশ্চিত করা প্রয়োজন। দলের ইহুদি সদস্যদের সংগঠন অবশ্য প্রস্তাবটির বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান নেয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন