ব্যয় কমাতে ১০ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প

ব্যয় কমাতে ১০ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যয় কমাতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে গত শুক্রবার ৯ হাজার ৫০০’রও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এসব কর্মী ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখাশোনাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতেন।

প্রথম দফায় স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত যাদের চাকরির সময় এক বছরের কম, সেসব কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

বিজ্ঞাপন

মূলত দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প ও ইলন মাস্ক মিলে একের পর এক সিদ্ধান্ত ঘোষণা করে যাচ্ছেন। তারা দুজন এবার ৭৫ হাজার ফেডারেল কর্মীকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দেন, যা দশমিক ৩ মিলিয়ন বেসামরিক কর্মীর প্রায় ৩ শতাংশ। ট্রাম্পের মতে, আর্থিকভাবে ফেডারেল সরকার প্রচণ্ড চাপে আছে। অপচয় এবং জালিয়াতির জন্য প্রচুর ব্যয় হচ্ছে, যার লাগাম টানা জরুরি। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।

ট্রাম্পের এমন সব সিদ্ধান্তের সমালোচনা করেছেন হাউস অব রিপ্রেজেনটেটিভস’-এর ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। তাদের মতে, ট্রাম্প ফেডারেল ব্যয় কমানোর নাম করে আইন সভার সাংবিধানিক কর্তৃত্বের ওপর হস্তক্ষেপ করছেন। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণকারী রিপাবলিকান আইনপ্রণেতারা।

চাকরি ছাঁটাই ছাড়াও ট্রাম্প এবং মাস্ক ক্যারিয়ার কর্মীদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা বন্ধের চেষ্টা করেছেন। স্থগিত করেছেন বিদেশি দেশগুলোতে বেশিরভাগ সহায়তা। শুধু তাই নয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবির মতো কিছু সরকারি সংস্থা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করারও চেষ্টা করেছেন।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সরকারি অর্থ সাশ্রয় বা অপচয় বন্ধের দায়িত্ব দিয়েছেন মিত্র ধনকুবের ইলন মাস্ককে। এজন্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা বিভাগ নামে একটি সংস্থার দায়িত্ব দেওয়া হয় তাকে। তার পর থেকেই শুরু হয় আলোচনা সৃষ্টিকারী একের পর এক কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন