ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিতভাবে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় একটি নৌকায় আগুন লাগার পর ১৭৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফ্রান্সের উপকূলের কাছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ যৌথভাবে এই উদ্ধার অভিযান চালায়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ফরাসি ও ব্রিটিশ জলসীমার সীমানার কাছে পৌঁছানোর পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে নৌকাটির কাঠামোগত অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নৌকায় থাকা অনেকেই প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। এরপর বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়।
২০১৮ সালে ছোট ও ঝুঁকিপূর্ণ ‘স্মল বোটে’ করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা শুরু হওয়ার পর এটিকে অন্যতম বড় সমুদ্র উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে ফরাসি কর্তৃপক্ষ। এর আগে গত ২৩ জুলাই প্রথমবারের মতো ১৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা ব্রিটিশ জলসীমায় পৌঁছেছিল।
ফরাসি প্রিফেকচুর জানিয়েছে, নৌকাটি সোমবার ফ্রান্সের উত্তর উপকূলের তুলনায় আরও দক্ষিণের একটি এলাকা থেকে যাত্রা শুরু করে। রাতে প্রথমে পাঁচজন যাত্রীকে উদ্ধার করে বুলন-সুর-মের বন্দরে নেওয়া হয়। তবে নৌকাটিতে থাকা অন্য যাত্রীরা শুরুতে ফরাসি উদ্ধারকারী বাহিনীর সহায়তা নিতে রাজি হননি।
মঙ্গলবার সকালে পরিস্থিতির অবনতি হলে উদ্ধার অভিযানে ব্রিটিশ নৌযানসহ কয়েকটি জাহাজ অংশ নেয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের লাল কম্বল দিয়ে বুলন-সুর-মের বন্দরে নামানো হয়। পরে তাদের বাসে করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ইতুপিয়া ৫৬ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৫০ জন নারী ও শিশু মঙ্গলবার বিকেলে উত্তর ফ্রান্সের কালে শহরে পৌঁছেছেন। তবে তাদের জন্য জরুরি আবাসনের কোনো ব্যবস্থা ছিল না।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, মঙ্গলবারের উদ্ধার অভিযান আবারও প্রমাণ করেছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে এটি দেখিয়েছে, মানবপাচারকারীরা নৌকায় থাকা মানুষের জীবনের প্রতি কতটা উদাসীন।
এদিকে, অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে চলতি বছরের এপ্রিলে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে নতুন একটি চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের একের পর এক সরকার এই পারাপার বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছে। গত দুই বছরে দেশটির অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের উত্থানের পেছনেও এই ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইংলিশ চ্যানেলে আগের তুলনায় বড় আকারের নৌকার ব্যবহার বেড়েছে। আগে সাধারণত আট থেকে ১০ মিটার দীর্ঘ নৌকা ব্যবহার করা হলেও এখন ১২ মিটারের বেশি দৈর্ঘ্যের নৌকাও দেখা যাচ্ছে। ফরাসি সামুদ্রিক প্রিফেকচুরের ভাষ্য, শুধু নৌকার আকারই নয়, প্রতিটি নৌকায় যাত্রীর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে।
এদিকে রিফর্ম ইউকের দাবি, মঙ্গলবারের উদ্ধার অভিযানে ব্রিটিশ নৌযানের অংশগ্রহণ তাদের প্রস্তাবিত পরিকল্পনার বাস্তবতা তুলে ধরেছে। দলটি একদিন আগে ‘স্মল বোটে’ ইংলিশ চ্যানেল পাড়ি ঠেকাতে সেখানে ব্রিটিশ রয়্যাল নেভি মোতায়েনের প্রস্তাব দেয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

