ইরান-কিউবা ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরোধিতা চীনের

ইরান-কিউবা ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরোধিতা চীনের
ছবি: সংগৃহীত।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির সমালোচনা করেছে চীন। শনিবার দেওয়া ভাষণে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে কিউবার ওপর চাপ ও অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে বক্তব্যে হান ঝেং সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। তিনি বলেন, বড় দেশগুলোর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া উচিত।

হান ঝেং বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর—বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর—সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা উচিত। পাশাপাশি তিনি একতরফা সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানান।

কিউবার বিষয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, সংশ্লিষ্ট দেশকে অবিলম্বে কিউবার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করতে হবে এবং দেশটির ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এর কয়েক ঘণ্টা পর জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও কিউবার ওপর মার্কিন ‘অবরোধ’ ও বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি কিউবাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দেওয়ার দাবি জানান।

চীনের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন চলতি সপ্তাহেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়েছে। দুই নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। এর পরপরই জাতিসংঘে চীনের এমন বক্তব্য দুই দেশের কূটনৈতিক অবস্থানের পার্থক্যও সামনে আনল।

ইরান প্রসঙ্গে হান ঝেংয়ের বক্তব্যও তাৎপর্যপূর্ণ। এর আগে ট্রাম্প শির সঙ্গে বৈঠকে ইরানকে সহায়তা না করার বিষয়ে চীনের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছিলেন। তবে জাতিসংঘে হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মানের আহ্বান জানান।

ভাষণে চীন নিজেকে উন্নয়নশীল দেশগুলোর নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরে। হান ঝেং বলেন, বড় কিংবা ছোট—সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য এবং বিশ্বের বিষয়গুলো সবার আলোচনার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।

সূত্র: নিক্কেই এশিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন