ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ও আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
ইরনা ও ফার্সের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, তার মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না।
পেজেশকিয়ানও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন দাবি ‘ভুল ধারণা ও বানোয়াট’।
ইরনা জানিয়েছে, পেজেশকিয়ান বলেন, ইরানের লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তি অর্জন এবং এর সুফল ভোগ করা; পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়।
তিনি আরও বলেন, ইরান কূটনৈতিক আলোচনা থেকে সরে আসেনি। তবে কূটনীতির বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আর কোনো আস্থা নেই।
এদিকে গুতেরেস জানান, মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি ওই অঞ্চলের দেশগুলোকে কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করার আহ্বান জানাবেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


