ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না তেহরান। বুধবার বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপীয় দেশগুলোর হুমকির জবাবে, বোরুজেরদি বলেন, ইরান পশ্চিমা পদক্ষেপের সমুচিত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
বোরুজেরদি বলেন, ইরান এমন কোন দেশ নয় যাকে ভয় দেখিয়ে কাজ হবে। ইউরোপীয় দেশগুলো বিচক্ষণতার সাথে কাজ করবে এমন আশা জানান তিনি। বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে, কোন চাপ এবং হুমকির মুখে তারা তাদের আইনি অধিকার থেকে পিছপা হবে না।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারা ভুল করেছে এবং এজন্য তাদের মূল্য দিতে হয়েছে।
এর প্রতিক্রিয়ায়, ইরানের সংসদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব সহযোগিতা স্থগিত করতে আইন পাস করে। যা এরইমধ্যে কার্যকর হয়েছে।
তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই, যদি তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল করে তাদের ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে আরো কঠিন পদক্ষেপ নেবে ইরানের সরকার।’
তেহরান নীতিগতভাবে কূটনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে নয়, তবে যেকোনো আলোচনায় তাদের অধিকারকে সম্মান করতে হবে বলেও উল্লেখ করেন এই আইন প্রণেতা।
তিনি বলেন, ‘আমরা কখনই ইউরেনিয়াম সমৃদ্ধ করার আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না। সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার যা আমরা আমাদের জাতীয় চাহিদা অনুযায়ী করে যাব।’
তার মতে, আলোচনা তখনই অর্থবহ হবে যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার সমুন্নত রাখা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



