ইসরাইলের কাছে ৫১ কোটি মার্কিন ডলারের বোমা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে ইসরাইল উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ব্যবহারের পর এমন ঘোষণা এলো। খবর টাইমস অব ইসরাইলের।
সোমবার মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরাইলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনগণকে রক্ষা করার ক্ষমতা উন্নত করবে।
সেইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরাইলের সক্ষমতাও এতে বৃদ্ধি পাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরাইলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে, তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য বিক্রয় অনুমোদন করেছে এবং ডিএসসিএ যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে জানিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
গত ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। তবে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



