যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিশ বছর বয়সী দুজন রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন, যারা কংগ্রেসের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সদস্য। তাদের এই জয় জাতীয় রাজনীতিতে নতুন প্রজন্মের কণ্ঠস্বরকে নিয়ে এসেছে।
উইসকনসিনের সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান দলের ২৬ বছর বয়সী মাইকেল আলফোনসো ডেমোক্র্যাট প্রার্থী ফ্রেড ক্লার্ককে পরাজিত করেছেন। এর মাধ্যমে তিনি প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সর্বকনিষ্ঠ সদস্য এবং ২০০০-এর দশকে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে কংগ্রেসে প্রবেশের নজির গড়েছেন।
রাজনীতিতে নতুন মুখ এবং পরিবহন সচিব শন ডাফির জামাতা আলফোনসো ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা সবার আগে) এজেন্ডা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো সমর্থন জানান। তার নির্বাচনি প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো রক্ষণশীল অগ্রাধিকারগুলো গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, কলোরাডোর প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয়ী হয়েছেন ২৯ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী মেলাত কিরোস। ইথিওপিয়ায় জন্মগ্রহণকারী এই আইনজীবী ও গণতান্ত্রিক সমাজতন্ত্রী (ডেমোক্র্যাটিক সোশালিস্ট) কংগ্রেসের প্রথম ‘জেন জেড’ নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে দলীয় প্রাইমারি নির্বাচনে তিনি দীর্ঘদিনের ডেমোক্র্যাট প্রতিনিধি ডায়ানা ডিগেটকে পরাজিত করেছিলেন।
গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচক কিরোস ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন; তিনি গাজার যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা এবং সর্বজনীন শিশুযত্ন ব্যবস্থার সমর্থক।
আলফোনসো ও কিরোসের আগে ফ্লোরিডার ডেমোক্র্যাট নেতা ২৯ বছর বয়সী ম্যাক্সওয়েল ফ্রস্ট ২০২২ সালে নির্বাচিত হয়ে কংগ্রেসের প্রথম ‘জেন জেড’ সদস্য হয়েছিলেন। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সমর্থক ফ্রস্ট ২০২৬ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই পুনরায় জয়ী হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


