ইসরাইলি অভিনেত্রী ও দেশটির সাবেক সেনাসদস্য গাল গাদত পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন। ৭ অক্টোবরের পর বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের দাবি, ইসরাইলি সরকারের কর্মকাণ্ডের বিরোধিতাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার চেষ্টা করছেন তিনি।
সাইমন উইজেনথাল সেন্টারের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় গাদত এসব কথা বলেন। বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, মানুষ যদি ঘৃণার কথা শুনতে ও দেখতে দেখতে একসময় অভ্যস্ত হয়ে যায় এবং তা উপেক্ষা করতে শুরু করে, তাহলে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে?
গাদত বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইহুদিবিদ্বেষ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, ইসরাইলি সরকারের নীতি ও গাজায় সামরিক অভিযানের বিরোধিতা করা মানেই ইহুদি জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ পোষণ করা নয়। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ভাষায়, ‘আমরা ইসরাইল সরকারের বিরোধিতা করি, ইহুদি জনগোষ্ঠীর নয়।’
সমালোচকদের দাবি, গাজায় ইসরাইলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ থেকেই বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে বলে তাদের মত।
গাদত ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর সাবেক সদস্য। অতীতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধনকে সমর্থনের অভিযোগেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সমালোচকদের একাংশের মতে, তার সাম্প্রতিক বক্তব্যে ইসরাইলি রাষ্ট্রের কর্মকাণ্ডের বৈধ সমালোচনা এবং ইহুদিবিদ্বেষের মধ্যে পার্থক্য যথাযথভাবে তুলে ধরা হয়নি।
সমালোচকদের অভিযোগ, ইসরাইলি সরকারের সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে উপস্থাপন করলে সরকারের জবাবদিহির প্রশ্ন আড়ালে পড়ে যায়।
সূত্র: ইয়েনি শাফাক
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


