ভারতের এক সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আড়াই কেজি স্বর্ণ, এক দশমিক ৬ কেজি রুপা ও নগদ অর্থ। অভিযোগের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে ওই কর্মকর্তার সরকারি বাসভবন, কার্যালয় ও ব্যক্তিগত বাসায় অভিযান চালায় লোকায়ুক্তের একাধিক দল।
সঞ্জীব কুমার শর্মা পাঁচমারির সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক।
অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ, ২ দশমিক ৫২৮ কেজি স্বর্ণ (আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ রুপি) এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা উদ্ধার করা হয়। এছাড়া চারটি গাড়ি, প্রায় ৫০ লাখ রুপির আসবাব ও গৃহস্থালি সামগ্রী এবং জমি কেনাবেচার ২৮টি নথি পাওয়া গেছে।
তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থাপনারও সন্ধান পেয়েছেন। এর মধ্যে একটি ইকোটেল রিসোর্টের মূল্য প্রায় দুই কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় এক কোটি রুপি।
লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, শর্মার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে উদ্ধার হওয়া সম্পদের মূল্যায়ন ও নথিপত্র যাচাই এখনো শেষ হয়নি। অভিযানও অব্যাহত রয়েছে। ফলে সম্পদের পরিমাণ আরো বাড়তে পারে।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




