বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম। সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার হুথিরা জানায়, তারা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে স্থাপনাটিতে হামলা হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন রাস তানুরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই স্থাপনা ঘিরে হামলার দাবি মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে আলোচনা এগিয়ে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমে আসে। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই ডলার কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৮৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৯ দশমিক ৯০ ডলারে স্থির হয়।

তবে রাস তানুরা শোধনাগারে হামলার বিষয়ে হুথিদের দাবি নতুন করে ভূরাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন