পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা

পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা
ছবি: ডন

পাকিস্তানের সীমান্তরক্ষী সেনাচৌকি ও আবাসিক এলাকায় গুলিবর্ষণ করেছে আফগান নিরাপত্তা বাহিনী । মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের অভিযোগ, সীমান্ত প্রোটোকল লঙ্ঘন করে বিনা উসকানিতে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দা নিহত হয়েছেন। এছাড়া একটি বাড়িতে মর্টার শেল আঘাত হানলে একই পরিবারের পাঁচ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

আফগান বাহিনীর এ হামলার জবাবে দ্রুত পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আফগান ভূখণ্ডের ভেতরে অবস্থিত কয়েকটি নিরাপত্তা চৌকি থেকে গুলিবর্ষণ করা হয়। এ সময় পাকিস্তানের সীমান্তরক্ষী চৌকিগুলো লক্ষ্য করে স্নাইপার রাইফেলসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, এর জবাবে পাকিস্তানি বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা অভিযান শুরু করে। এ সময় হালকা ও ভারী অস্ত্রের পাশাপাশি কামান ব্যবহার করে আফগান তালেবানের একাধিক সীমান্ত চৌকি, মর্টার অবস্থান ও প্রতিরক্ষামূলক বাংকারে হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বাহিনীর ‘তীব্র ও নিখুঁত পাল্টা জবাবের’ মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সীমান্ত এলাকার ওপর পাকিস্তানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রবেশপথ আঙ্গুর আড্ডা। দুই দেশের মধ্যে বাণিজ্য এবং জনসাধারণের যাতায়াতের ক্ষেত্রে এই সীমান্তপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দিক থেকে সীমান্ত লঙ্ঘনের ঘটনা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। কোনো কারণ ছাড়াই আফগান বাহিনী প্রায়ই গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এতে সীমান্তবর্তী উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে ব্যাহত হচ্ছে বাণিজ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন