যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম
হাকিম জেফরিস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে এই পদে মনোনয়ন পেলেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল বুধবার গোপন ভোটে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন নিউ ইয়র্কের ৫৬ বছর বয়সি এই কংগ্রেস সদস্য। মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কয়েক সপ্তাহের মাথায় এই মনোনয়ন পেলেন তিনি।

ভোট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান জেফরিস। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে সাহসী পরিবর্তন আনব। মার্কিন জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটাব।’

তবে দলের ভেতরে তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে প্রগতিশীল অংশের কয়েকজন সদস্য তার নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এ পরিস্থিতিতে বুধবার দলের সদস্যদের ভোটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার উদ্যোগ নেন জেফরিস।

চলতি মাসের নির্বাচনে জয়ী কয়েকজন ডেমোক্র্যাট সদস্য জেফরিসকে সমর্থন করবেন কি না, তা স্পষ্ট করেননি। তাদের কয়েকজনের বক্তব্য, নির্বাচনি প্রচারে তারা যেসব জনমুখী ও সাহসী নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন নেতাকে সেসব বাস্তবায়নে আগ্রহী হতে হবে।

এ ক্ষেত্রে সবচেয়ে সোচ্চার ছিলেন ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। কয়েকটি প্রগতিশীল নীতির বিষয়ে জেফরিসের কাছ থেকে নিশ্চয়তা না পেলে তাকে ভোট দেবেন না বলে জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনি প্রচারের অর্থায়নব্যবস্থার সংস্কার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, ‘স্পিকার জেফরিস যদি গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আমাদের দেশের আইন, বিশেষ করে লেহি আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ না হন, যদি এই সংকটের মূল কারণ—সিটিজেনস ইউনাইটেড—নিয়ে কাজ করতে না চান, তাহলে তিনি আমার ভোট পাবেন না।’

ইসরাইল নিয়ে জেফরিসের অবস্থান এবং ইসরাইলপন্থি লবিং গোষ্ঠী আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্র্যাটদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এ সমালোচনার বিষয়ে মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন জেফরিস। তিনি মধ্যপ্রাচ্যে ‘নাটকীয় পরিবর্তনের’ আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্রভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান তুলে ধরেন।

বুধবারের ভোটে বিরোধিতা থাকলেও দলের অধিকাংশ সদস্যের সমর্থন পেয়েছেন জেফরিস। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক ককাসের ২৫১ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন।

বিরোধিতা করা সদস্যদের মধ্যে সাতজনই নবনির্বাচিত ডেমোক্র্যাট। তাদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউয়ি, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস র‍্যাব।

আলজাজিরার সঙ্গে ভাগ করে নেওয়া এক যৌথ বিবৃতিতে তারা জেফরিসের প্রতি সমর্থন না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তাদের অভিযোগ, সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের ‘সন্ত্রাস’ বন্ধ, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং গাজায় গণহত্যা বন্ধের মতো বিষয়ে জেফরিস তাদের কোনো প্রতিশ্রুতি দেননি।

বিবৃতিতে নবনির্বাচিত আইনপ্রণেতারা লেখেন, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। তবে আগামী কংগ্রেসে আমাদের দল যে পথে এগোবে, তা যেন নেতৃত্বের কাছে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে এখনো কাজ বাকি। এসব বিষয়ে আলোচনা চলছে। এ কারণে আজ ককাসের ভোটে আমরা তাঁকে সমর্থন করিনি।’

টেক্সাসের আরেক নবনির্বাচিত সদস্য ফ্রেডরিক হেইনসও জেফরিসের মনোনয়নের বিরোধিতায় দেওয়া যৌথ বিবৃতিতে ছিলেন। তবে পরে আলাদা বিবৃতিতে তিনি জানান, অসুস্থতার কারণে বুধবারের ভোটে অংশ নিতে পারেননি। অল্পের জন্য ভোটটি মিস করেছেন তিনি।

অবশ্য ডেমোক্র্যাটিক পার্টির অধিকাংশ সদস্যই জেফরিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এই মনোনয়নের মধ্য দিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠার পথে এগিয়ে গেলেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বিদায়ী সদস্য ন্যান্সি পেলোসিও জেফরিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দুই দফায় মোট আট বছর প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের হাত ধরে থাকা একটি ছবি প্রকাশ করে পেলোসি লেখেন, ‘স্পিকার পদে মনোনীত হাকিম জেফরিসকে অভিনন্দন।’

ভোটের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের করিন্থীয় পুস্তক থেকে একটি বাণী পোস্ট করেন জেফরিস। সেখানে লেখা ছিল, ‘আমরা বিশ্বাসের পথে চলি, দর্শনের পথে নয়।’

এর আগে ২০২৩ সালে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির উত্তরসূরি হিসেবে জেফরিসকে মনোনীত করেছিল ডেমোক্র্যাটরা। নিজ দলের রিপাবলিকান সদস্যদের ভোটে ম্যাকার্থি পদচ্যুত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন বর্তমান স্পিকার মাইক জনসন। তবে ২০২৩ সালের ওই মনোনয়ন ছিল দলের পছন্দের প্রার্থী হিসেবে জেফরিসকে সামনে আনার সিদ্ধান্ত। বুধবারের ভোটের মধ্য দিয়ে এবার আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পেলেন তিনি।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হবে। সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। পূর্ণ প্রতিনিধি পরিষদের ভোটে নতুন স্পিকার নির্বাচিত হওয়ার কথা। ওই নির্বাচনে জয়ী হলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন জেফরিস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...