রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে দেখা গেছে। চীনের শেনজেনে জমকালো নৈশভোজের আগে তিন নেতাকে একটি লালগালিচায় পাশাপাশি দেখা যায়। এ সময় পুতিন ও ট্রাম্প করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি জিনপিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। পারিবারিক ছবি তোলার আগে পুতিন ট্রাম্পের কাছে গিয়ে করমর্দন করেন। এ সময় তারা একে অপরের কাঁধেও হাত রাখেন।
২০২৫ সালের আগস্টে আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের সরাসরি সাক্ষাৎ হলো। একই সঙ্গে এই প্রথম তিন নেতাকে একসঙ্গে দেখা গেল। আগামীকাল বিকেলে তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে শেনজেনের বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের এভাবে স্বাগত জানানোর ঘটনা অত্যন্ত বিরল বলে জানিয়েছেন সংবাদদাতারা।
বৃহস্পতিবার তিন নেতার মধ্যে অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকের আগে শির এই অভ্যর্থনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাকে ‘পুরনো বন্ধু’ বলে সম্বোধন করেন শি।
বিবিসির রাশিয়া সম্পাদক জানিয়েছেন, পুতিনের এই সফরকে ইতোমধ্যে কয়েকটি স্থানীয় সংবাদপত্র ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, সফরটি অনুষ্ঠিত হওয়াই রুশ নেতার জন্য একটি কূটনৈতিক সাফল্য।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন।
এদিকে, আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফিলিপাইন সফর শেষে চীনে পৌঁছেছেন ট্রাম্প। ফিলিপাইনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করেন।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

