রাজৈরে যুবদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

রাজৈরে যুবদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম
যুবদলের সাবেক সভাপতি আহত গিয়াস মোল্লা। ছবি: আমার দেশ

মাদারীপুরের রাজৈর উপজেলায় ধান মাড়াই করা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাইকপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি গিয়াস মোল্লা ও শাহিন শেখ আহত হয়েছেন।

এদিকে গুরুতর আহত গিয়াস মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের গোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধান মাড়াই করাকে কেন্দ্র করে সিরাজ মোল্লার ছেলে সুমন ও সোহাগ মোল্লার সঙ্গে গিয়াস মোল্লার ছেলে লিখন মোল্লার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে সিরাজ মোল্লার স্ত্রী রুমেছা (৫০) আহত হন। পরে তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার জের ধরে রাত দুইটার দিকে গিয়াস মোল্লাকে রাতে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় গিয়াস মোল্লা ও শাহিন শেখ আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গিয়াস মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে, হামলার পর গিয়াস মোল্লার ভাই আতিয়ার মোল্লার বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়ায় গিয়াস মোল্লার পক্ষের লোকজন ঘর ভাঙচুর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে রাজৈর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

উভয় পক্ষের বাড়ি একই এলাকার উত্তর শ্রীরামপুর গ্রামের গোলপাড়া এলাকায়। সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে মান্নান মিয়া ওরফে টুটুল চৌকিদার বলেন, গিয়াস মোল্লাকে কারা কুপিয়েছে আমার জানা নাই।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...