গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার বিকেলে কলেজ গেটস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বদরুল খায়ের, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমেদ চৌধুরী, তরুণ বিএনপি নেতা আকিবুল হক আকিব, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্যসচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্যসচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘পটিয়ায় ফ্যাসিবাদের দোসরদের স্থান হবে না। কেউ শান্ত পটিয়াকে অশান্ত করার চেষ্টা করলে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।’
এ সময় বক্তারা কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া থেকে প্রতিবাদী মোটরসাইকেল শোডাউন বের করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

