মামদানির গোঁফ নিয়ে তোলপাড়, কেউ দেখছেন সাদ্দাম হোসেনের ছায়া

মামদানির গোঁফ নিয়ে তোলপাড়, কেউ দেখছেন সাদ্দাম হোসেনের ছায়া
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ১৭ নভেম্বর নিউ ইয়র্ক সিটির এথেন্স স্কয়ার পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। ছবি-গেটি ইমেজেস/এএফপি

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির নতুন গোঁফ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। পুরুষদের স্বাস্থ্য সচেতনতা মাস উপলক্ষে গোঁফ রেখেছেন তিনি। তবে তার এই নতুন সাজকে ঘিরে অনলাইনে কেউ তুলনা করছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে, আবার কেউ এর মধ্যে খুঁজছেন সন্ত্রাসবাদ ও নিউইয়র্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ।

সোমবার নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিতর্কিত কৌশলগত প্রতিক্রিয়া ইউনিট (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দেন মামদানি। এ বিষয়ে প্রকাশিত একটি ভিডিওতে বক্তব্য দেওয়ার সময় তার গোঁফও নজর কাড়ে। এরপর ইউনিটটি বিলুপ্ত করার সিদ্ধান্তের পাশাপাশি মেয়রের নতুন চেহারা নিয়েও অনলাইনে সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

কিছু সমালোচকের কাছে মামদানির গোঁফ তাকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো দেখাচ্ছে। রক্ষণশীল ভাষ্যকার উইল চেম্বারলেইন বিষয়টি নিয়ে আরো কটাক্ষ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইসলামপন্থি হওয়ার অভিযোগ এড়াতে ধর্মনিরপেক্ষ বাথপন্থীদের সাজসজ্জা গ্রহণের চেষ্টা।’

ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে বাথ পার্টি ছিল ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলনের প্রধান শক্তি। মামদানির গোঁফকে ঘিরে চেম্বারলেইনের মন্তব্যে সেই রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গও উঠে আসে।

তবে গোঁফ নিয়ে কটাক্ষের বাইরেও মামদানির পুলিশ বিভাগ পুনর্গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনা ছড়িয়েছে। সমালোচকদের একাংশের দাবি, এসআরজি বিলুপ্ত করার মাধ্যমে নিউইয়র্কের সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা দুর্বল করা হচ্ছে। তাদের কেউ কেউ মামদানির মুসলিম পরিচয়কে সামনে এনে সিদ্ধান্তটিকে নিরাপত্তার হুমকি হিসেবে তুলে ধরেছেন।

এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসীরা বুঝে গেছে, ভবনে বিমান আছড়ে ফেলার চেয়ে ডেমোক্র্যাটদের মাধ্যমে নির্বাচিত হওয়া সহজ।’

এ ধরনের মন্তব্যে মামদানির রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি তার ধর্মীয় পরিচয়কেও বিতর্কের কেন্দ্রে আনা হয়েছে। কেবল গোঁফের কারণে একজন মুসলিম মেয়রকে সাদ্দাম হোসেন কিংবা সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করার বিষয়টি প্রতিবেদনে বিদ্রূপাত্মকভাবে তুলে ধরা হয়েছে।

সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম বন্ধ হচ্ছে না

তবে এসআরজি বিলুপ্ত করার অর্থ নিউইয়র্ক পুলিশ বিভাগের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া নয়। মামদানি ও পুলিশ কমিশনার জেসিকা টিশের ঘোষিত পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী, ইউনিটটির সন্ত্রাসবাদবিরোধী দায়িত্ব এনওয়াইপিডির গোয়েন্দা ও সন্ত্রাসবাদবিরোধী ব্যুরোর হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, বিক্ষোভ ও সমাবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব আলাদাভাবে পরিচালিত হবে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগ্রাসী কৌশল প্রয়োগের অভিযোগে কয়েক বছর ধরেই এসআরজির সমালোচনা হচ্ছিল। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই ইউনিটটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবু মামদানির মুসলিম পরিচয়, পুলিশ ইউনিট পুনর্গঠনের ঘোষণা এবং নতুন গোঁফ—এই তিনটি বিষয় একসঙ্গে অনলাইনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

দক্ষিণপন্থি কর্মী লরা লুমারও এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগেও তিনি মুসলিমবিরোধী বক্তব্য ও প্রচারণার জন্য সমালোচিত হয়েছেন। এবারও মামদানির সিদ্ধান্তকে সম্ভাব্য ইসলামপন্থি হুমকির প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...