গাজা যুদ্ধ চলার মধ্যে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন এক ফক্স নিউজের জরিপে দেখা গেছে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কোনো পক্ষকে বেশি সমর্থন করেন—এমন প্রশ্নে এবার অর্ধেকেরও কম ভোটার ইসরাইলের পক্ষে অবস্থান জানিয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ মার্কিন ভোটার বলেছেন, তারা এই সংঘাতে ফিলিস্তিনিদের তুলনায় ইসরাইলিদের বেশি সমর্থন করেন। বিপরীতে ৩৮ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর সময় ইসরাইলের পক্ষে ছিলেন ৬৮ শতাংশ ভোটার। সে সময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন ১৮ শতাংশ। চলতি বছরের জুনেও ইসরাইলের প্রতি সমর্থন ছিল ৫৪ শতাংশ। অর্থাৎ যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের প্রতি সমর্থনে উল্লেখযোগ্য পতন হয়েছে।
জরিপে দেখা গেছে, কয়েকটি জনগোষ্ঠীর মধ্যে এই পরিবর্তন আরও স্পষ্ট। ২০২৩ সালের অক্টোবরের তুলনায় নারী, হিস্পানিক ভোটার, ৪৫ বছরের কম বয়সী, কলেজ স্নাতক এবং ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন অন্তত ২০ শতাংশ পয়েন্ট কমেছে। একই সময়ে রিপাবলিকান ভোটারদের মধ্যে সমর্থন কমেছে ১০ শতাংশ পয়েন্ট।
এদিকে জরিপে ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও মার্কিন ভোটারদের মধ্যে বাড়তে থাকা সংশয়ের চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশেরও বেশি ভোটার বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত কীভাবে শেষ করা হবে, সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে ৬০ শতাংশ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল। বিপরীতে ৩৭ শতাংশ এটিকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।
ফক্স নিউজের এই জরিপে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটার অংশ নেন।
সূত্র: আরব নিউজ
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-8ded48-720x405.webp)