ভারতে দিন দিন ইসলাম চর্চাকারীদের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ছেই। সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসের সামনে সড়কে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) এক জেলা সহসভাপতির বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।
ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ধারায় (জনসাধারণের চলাচলের পথে বিপদ বা প্রতিবন্ধকতা সৃষ্টি) এবং ২৯২ ধারায় (জনদুর্ভোগ সৃষ্টির শাস্তি) মামলা করা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার ঘটনায় কীভাবে জনসাধারণের চলাচলে বাধা বা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়।
নামাজ পড়ার একটি ভিডিওতে পার্ক করা একটি গাড়ির সামনে হাজিক মোহাম্মদ উসমানকে নামাজ আদায় করতে দেখা যায়। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।
উসমান উত্তরপ্রদেশ বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের সঙ্গে সমাজবাদী পার্টির নেতাদের একটি বৈঠকে যোগ দিতে সার্কিট হাউসে গিয়েছিলেন।
পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) জুনিয়র প্রকৌশলী অনিল কুমার অভিযোগে বলেন, বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা লাল বিহারি যাদবের উদ্যোগে সার্কিট হাউসে একটি বৈঠক ডাকা হয়েছিল।
অভিযোগে কুমার বলেন, শুক্রবার উসমান সার্কিট হাউসের ফটকের কাছে গাড়ি থামিয়ে মাটিতে নামাজ পড়েন। এ সময় তিনি যান চলাচলে বাধা দেন এবং অন্যদের চলাচল করতে দেননি। উসমানের নামাজ পড়ার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগ প্রত্যাখান করে উসমান সাংবাদিকদের বলেন, তিনি কোনো সড়ক অবরোধ করেননি। তার ভাষ্য, তার চালক সার্কিট হাউসের পার্কিং এলাকায় এসইউভিটি রাখেন এবং তিনি গাড়িটির সামনে নামাজ পড়েন। ফলে যান চলাচলে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। সে সময় কেউ তার কর্মকাণ্ডে আপত্তিও জানায়নি বলে দাবি করেন তিনি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার মসজিদের বাইরে সড়কে নামাজ পড়া নিষিদ্ধ করেছিল।
সূত্র: দ্য ওয়্যার.ইন, টেলিগ্রাফ ইন্ডিয়া
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


