বাংলাদেশের ডাকঘর আধুনিকায়নে চীনা কোম্পানির বিনিয়োগের প্রস্তাব: সংসদে তথ্য দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

বাংলাদেশের ডাকঘর আধুনিকায়নে চীনা কোম্পানির বিনিয়োগের প্রস্তাব: মন্ত্রী

বাংলাদেশের ডাকঘর আধুনিকায়নে চীনা কোম্পানির বিনিয়োগের প্রস্তাব: মন্ত্রী

বাংলাদেশের ডাকঘর আধুনিক করতে একটি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কোম্পানিটি ডাক বিভাগের অবকাঠামো, জনবল ও কার্যালয় ব্যবহার করে বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রোববার জাতীয় সংসদে ময়মনসিংহ-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

আখতারুজ্জামান জানতে চান, দেশের জরাজীর্ণ ও পরিত্যক্ত ডাকঘরগুলোকে স্মার্ট সার্ভিস পয়েন্ট, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কৃষকদের তথ্য ও পরামর্শকেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় কি না।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্টের আবেদনের মতো সরকারি সেবাও ডাকঘরের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চান তিনি।

জবাবে ফকির মাহবুব আনাম বলেন, ডাকঘরগুলোর ব্যবহার বাড়ানো ও আধুনিক করার বিষয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, রোববার সকালেই একটি চীনা কোম্পানির সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে।

কোম্পানিটি নিজেরা বিনিয়োগ করতে চায়। এর বিনিময়ে তারা ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো, জনবল ও কার্যালয় ব্যবহার করতে চায় বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে কোম্পানিটি সরকারকে একটি প্রস্তাব দিয়েছে।

মন্ত্রী বলেন, সারা দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে। বিদেশে যেভাবে ডাকঘর ব্যবহার করা হয়, বাংলাদেশেও সেভাবে এগুলো আধুনিক করার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সরকারি সেবা ডাকঘরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

এসব উদ্যোগ এখন প্রক্রিয়াধীন এবং শিগগির এর ফল দেখা যাবে বলে সংসদকে জানান মন্ত্রী।

ডাক বিভাগের মাধ্যমে পণ্য পরিবহনের তথ্য তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, গত ছয় মাসে প্রায় ৬০০ টন বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

আমের মৌসুমে ডাকঘরের মাধ্যমেও সারা দেশে আম সরবরাহ করা হয়েছে।

ডাক বিভাগের পণ্য পরিবহন ব্যবস্থায় ট্র্যাকিং সুবিধাও চালু করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন