নিউইয়র্কের ‘সম্ভাব্য’ মুসলিম মেয়রকে ট্রাম্পের আক্রমণ

নিউইয়র্কের ‘সম্ভাব্য’ মুসলিম মেয়রকে ট্রাম্পের আক্রমণ

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কের ডেমোক্রেটিক পার্টির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে এবার আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাময়িকী টাইমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প নিউইয়র্ক রাজ্যের এই অ্যাসেম্বলি সদস্যের চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন। মামদানির প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শের দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাকে ‘শতভাগ কমিউনিস্ট উন্মাদ’ বলে অভিহিত করেছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জোহরান মামদানি, একজন শতভাগ কমিউনিস্ট পাগল, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে। তার চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, আর বুদ্ধিও কম।

বিজ্ঞাপন

আরেক পোস্টে ট্রাম্প মামদানিকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও ব্যঙ্গ করেন। এর মধ্যে রয়েছেন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। ট্রাম্প সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমারকে ব্যঙ্গ করে বলেছেন, ‘আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর।

২০২১ সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে রাজ্য অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন মামদানি। মেয়র পদে তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—বাসভাড়া সম্পূর্ণ ফ্রি করা, ভাড়াবাড়ির ভাড়া বৃদ্ধির হার বন্ধ রাখা এবং সিটি করপোরেশনের নিজস্ব গ্রোসারি দোকান চালু করা। এসব পরিকল্পনার অর্থায়নে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান ও ধনীদের ওপর ১০ বিলিয়ন ডলারের কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন।

এ ছাড়া, মামদানি স্পষ্টভাবে ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছেন, যার জন্য তাকে ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর ফলে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনেও অপ্রত্যাশিতভাবে বিদেশনীতি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন