লন্ডনের ফজল মসজিদ শতবর্ষে, ১৯২৬ সালে দেওয়া হয়েছিল প্রথম আজান

লন্ডনের ফজল মসজিদ শতবর্ষে, ১৯২৬ সালে দেওয়া হয়েছিল প্রথম আজান

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ফজল মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উদ্‌যাপনের দ্বারপ্রান্তে। ১৯২৬ সালে মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে সেখানে প্রথমবারের মতো মিনার থেকে আজান দেওয়া হয়েছিল। ব্রিটেনে মুসলিমদের প্রাতিষ্ঠানিক ধর্মীয় কার্যক্রমের ইতিহাসে ঘটনাটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

ফজল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের মুসলিম প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কূটনীতিকেরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে শেখ আবদুল কাদির একটি রুপার চাবি দিয়ে মসজিদের দরজা খুলে দেন। এ সময় তিনি বলেন, ‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আমি এই ইবাদতখানা খুলে দিচ্ছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহিম দার্দ বক্তব্য দেন। তিনি মসজিদটিকে ইবাদত, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি ধর্মীয় সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের অধিকার বজায় রাখার নিয়ম মেনে অন্য ধর্মের মানুষও এটি পরিদর্শন করতে পারবেন।

বক্তব্য পর্ব শেষে জি এফ মালিক মসজিদের চারটি মিনারের একটিতে উঠে আজান দেন। এর মধ্য দিয়ে মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিয়মিত আজান দেওয়ার কার্যক্রম শুরু হয়।

ফজল মসজিদ লন্ডনের অন্যতম ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। বিশ শতকের শুরুর দিকে যুক্তরাজ্যে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি বৃদ্ধি এবং তাদের ধর্মীয় জীবন পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার ইতিহাসের সঙ্গেও মসজিদটির প্রতিষ্ঠা জড়িত। ব্রিটেনে মুসলিমদের প্রাতিষ্ঠানিক ধর্মীয় উপস্থিতি বিকাশের ইতিহাসেও তা উল্লেখযোগ্য ঘটনা হয়ে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন