আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

আমার দেশ অনলাইন

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
Fatima

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও নতুন বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের মুখপাত্রের দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

রোজা ওতুনবায়েভার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যাননকেও ধন্যবাদ জানান তিনি

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এতে বলা হয়, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা (অ্যাডভোকেসি) এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন