ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান যুদ্ধ তিনি এখনই শেষ করতে রাজি নন, তবে তিনি কিছু নির্দিষ্ট শর্তে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করতে পারেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুটি লক্ষ্য একে অপরের পরিপূরক। তিনি আরো বলেন, হামাস হয়তো বলবে, আমরা আরো দশজন জিম্মিকে মুক্তি দিতে চাই। তবে এমন কোনো পরিস্থিতি হবে না যেখানে আমরা যুদ্ধ বন্ধ করে দেব।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার ডানপন্থী জোটসঙ্গীদের আশ্বস্ত করেছেন যে, যদি হামাস নিরস্ত্রীকরণে সম্মত না হয়, তাহলে ইসরাইল কেবলমাত্র একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে, যেটি কয়েকজন জিম্মির মুক্তির বিনিময়ে কার্যকর হবে।
তিনি বলেন, আমরা শিগগিরই পূর্ণ শক্তি দিয়ে হামাসবিরোধী অভিযান সম্পন্ন করব। আমাদের সেনারা ইতোমধ্যেই গাজায় অবস্থান করছে।
গত সোমবার নেতানিয়াহুর অফিস জানায়, তিনি তার আলোচক দলকে কাতারের রাজধানী দোহায় পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেখানে হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। আলোচক দলটি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে।
এই আলোচনার মধ্যেই হামাস সোমবার ইসরাইলি-আমেরিকান নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবেই এই মুক্তি দেয়া হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় এখনো ৫৮ জন ইসরাইলি জিম্মি রয়েছেন। যাদের মধ্যে ২১ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরাইলের কারাগারে বর্তমানে প্রায় ৯ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দি আছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, তারা সেখানে নির্যাতন, অনাহার ও চিকিৎসার অভাবে ভুগছেন, যা ইতোমধ্যেই একাধিক মৃত্যুর কারণ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

