হরমুজে জাহাজে হামলা, তবু কমল জ্বালানি তেলের দাম

হরমুজে জাহাজে হামলা, তবু কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই জাহাজে তেল পরিবহনের খরচ কমাতে কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সরবরাহে ঝুঁকি ও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রভাব বিবেচনায় বৃহস্পতিবার দিনের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ১ ডলার ২ সেন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ৯৪ ডলার ৭ সেন্টে। আগের কার্যদিবসে বাড়লেও নতুন করে দাম কমায় সেই বৃদ্ধি মুছে যায়।

এর আগের কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। ওই সময় ইয়েমেনের হুথিরা সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালায়। একই সময়ে ইরান জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে তারা নতুন কৌশল ব্যবহার করছে। তেলের দাম উঁচু রাখাও তাদের লক্ষ্য।

বুধবার সামুদ্রিক কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় হামলার শিকার হয়ে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলেছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন