হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন হতাহত

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন হতাহত
হুথি যোদ্ধা। ছবি: আনাদোলু

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে ৮৫৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সেনাবাহিনী। এসব হামলায় ১৯৩ হুথি নেতা ও যোদ্ধা হতাহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ৮১টি সামরিক যান ও সরঞ্জাম।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নাজিলি এ তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী এসব অভিযান পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

আল-নাজিলি জানান, অভিযানে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি গোলাবর্ষণ, ৯১টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৪৫টি হামলা চালানো হয়।

এসব হামলার লক্ষ্য ছিল হুথিদের অবস্থান, সমাবেশস্থল ও সামরিক স্থাপনা। এতে মাঠপর্যায়ের ১৯৩ জন কমান্ডার ও যোদ্ধা নিহত হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এছাড়া ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র।

তিনি আরো বলেন, আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির চলাচল এবং হামলার উৎসগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে হতাহতসংক্রান্ত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরের বিভিন্ন স্থাপনা এবং রাজধানী সানায় হুথিদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত কয়েকটি স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কথাও জানিয়েছে সেনাবাহিনী।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে ২০১৫ সালের মার্চে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...