মোদি-জিনপিং বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

মোদি-জিনপিং বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেছেন, দিল্লি-বেইজিং সম্পর্ককে ‘পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে’ এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, দু’দেশের মধ্যে সুসম্পর্কের ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। খবর এনডিটিভির।

চীনের তিয়ানজিনে দুই দিনের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার চীনে পৌঁছান মোদি। সাত বছরের মধ্যে এটি তার প্রথম চীন সফর। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সাথে আজ রোববার বৈঠক করেছেন মোদি।

বিজ্ঞাপন

বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও কথা বলেন।

মোদি বলেন, ‘উভয় দেশের ২ দশমিক ৮ বিলিয়ন মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সাথে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে।’

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট জিনপিং দু’দেশের মধ্যে সুসম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, ‘মিত্র ও ভালো প্রতিবেশী হওয়া ভারত-চীন দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বিশ্ব রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। ভালো বন্ধু হওয়া, ভালো প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একত্রিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতীয় আমদানি পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে দিল্লি-ওয়াশিংটনর সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীন সফর করছেন মোদি।

এরআগে, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

২০২৪ সালের অক্টোবরে চূড়ান্ত চুক্তির আওতায় ডেমচক এবং ডেপসাং থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই সংঘর্ষ শেষ হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরের প্রায় দুই সপ্তাহ পর নরেন্দ্র মোদি চীন সফরে গেলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন