ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা
ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে আগামী সোমবার দিল্লি যাবেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা লিখেছেন, ‘শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।’

বিজ্ঞাপন

দিল্লিতে চলমান এই আন্দোলন এরই মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে মমতার অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরার একটি প্রচেষ্টাও হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক কিছু ধাক্কার পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ওয়াটার ক্যাননের প্রতিবাদে কংগ্রেস নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। এই বিক্ষোভে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও পবন খেরা, পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, দীপেন্দর হুডা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। এবার যন্তর মন্তরের প্রতিবাদে যোগ দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন