ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার আভাস পাওয়া গেলেও সংঘাতের অবসানে তেহরান তার শর্ত শিথিল করবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।
মঙ্গলবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইর সঙ্গে এক বৈঠকে খামেনি যুদ্ধ অবসানের ক্ষেত্রে ইরানের শর্ত পূরণ এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসানের ওপর গুরুত্বারোপ করেন। ইরান সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ সময় তিনি ইরানের জনগণ এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ অক্ষের’ অধিকার ও স্বার্থ রক্ষার ওপরও জোর দেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয়েও আলোচনা করেন খামেনি ও রেজাই। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বুধবার প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, খামেনির নির্ধারিত লক্ষ্য অর্জনে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


