মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার

মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার
ছবি: সংগৃহীত।

ইসরাইলে নির্বাচনের আগে মসজিদে জরিমানা এবং আরবদের বাড়িঘর উচ্ছেদের ঘটনাকে নির্বাচনি প্রচারে ব্যবহার করছেন দেশটির উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। দক্ষিণাঞ্চলীয় শহর তাল শেভার একটি মসজিদে লাউডস্পিকারের শব্দ নিয়ে জরিমানা করার ঘটনা তুলে ধরে সোমবার নির্বাচনি প্রচারে গর্ব করে জানান তিনি। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে ইসরাইলি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। এমন পরিস্থিতিতে আরব দলগুলো বেন-গভিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তিনি ইসরাইলের আরব সম্প্রদায়ের ওপর নেওয়া বিভিন্ন পদক্ষেপকে নির্বাচনি স্বার্থে ব্যবহার করছেন এবং এর মাধ্যমে আরব ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছেন।

এ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এর মধ্যেই রোববার তাল শেভার আবু আনজা এলাকায় অবস্থিত আল-রাহমা মসজিদে অভিযান চালায় ইসরাইলি পুলিশ। মসজিদের লাউডস্পিকারে অতিরিক্ত শব্দের অভিযোগে জরিমানা করা হয়। দেশটির পুলিশ জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের কর্তৃত্বাধীন।

সোমবার টেলিগ্রামে মসজিদটির ছবি প্রকাশ করে বেন-গভির বলেন, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে শব্দের মাত্রা পরিমাপ করেছেন এবং ‘অগ্রহণযোগ্য শব্দ’ সৃষ্টির দায়ে জরিমানা করেছেন।

তিনি দাবি করেন, শুধু তাল শেভাতেই নয়, সারা দেশে মসজিদগুলোর শব্দদূষণসংক্রান্ত বিধি প্রয়োগ করছে পুলিশ। দায়িত্ব নেওয়ার আগে কয়েক দশক ধরে বিষয়টি উপেক্ষিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বেন-গভির বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক না হলেও তারা সঠিক পথে এগোচ্ছেন।

গত কয়েক সপ্তাহে ইসরাইলে আরবদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও নির্বাচনি প্রচারে তুলে ধরেছেন বেন-গভির।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন