রমজানে দেশে দেশে কমেছে পণ্যের দাম

রমজানে দেশে দেশে কমেছে পণ্যের দাম

রমজান উপলক্ষে বিশ্বের অনেক মুসলিম দেশে কমেছে নিত্যপণ্যের দাম। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, মিসর ও মালয়েশিয়ায় কমানো হয়েছে নিত্যপণ্যের দাম।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর মূল্যছাড় শুরু হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি চলবে রোজার শেষ পর্যন্ত। বিভিন্ন মার্কেট ও দোকানের পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও মিলবে এ ছাড়।

বিজ্ঞাপন

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে বাজারে মূল্যস্ফীতি থাকায় রমজান উপলক্ষে ৯শ’র বেশি পণ্যের দামে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নতুন মূল্যতালিকা রমজান মাসের শেষ পর্যন্ত চলবে। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে দুধ, দই, দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা সরঞ্জাম, রান্নার তেল, ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, পানি, ফলের রস, মধু, ব্রয়লার মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা ও সেমাই। অর্থনৈতিক কারণে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সেগুলো কম দামে ভোক্তাদের সরবরাহ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

নিত্যপণ্যের দাম কমায় কাতারের এক ক্রেতা আরব নিউজকে বলেছেন, প্রতি বছরই আমাদের দেশে রমজানে পণ্যের দাম কমে। এটা আমাদের ঐতিহ্য। রমজানে আমরা কম দামে পণ্য কিনতে পারি।

রোজা উপলক্ষে মিসরের রাজধানী কায়রোতে দেশটির চেম্বার অব কমার্স ফেডারেশনের সহযোগিতায়, সরকারের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী খাদ্যমেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি। ছাড়সহ খাদ্যসামগ্রী কেনার ব্যবস্থা করতে এই মেলার আয়োজন করা হয়েছে। আরবি ভাষায় ‘রামাদান কারিম’ লেখা ব্যানার ও মিসরের ঐতিহ্যবাহী রমজান লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে মেলাপ্রাঙ্গণ। এ ছাড়া খাদ্যমেলায় কয়েকশ’প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান প্রধানত রান্নার তেল, চাল, পাস্তা, মাংস, মুরগির মাংস, শাকসবজি, ফল, বাদাম এবং অন্যান্য পণ্য বিক্রি করছে।

মালয়েশিয়াজুড়ে পণ্যের মান ও দাম পর্যবেক্ষণ করে প্রশাসন। আর সিটি করপোরেশন বছরের অন্যান্য সময়ের থেকে নজরদারি বাড়ায় এ মাসে। দেশটির সুপারশপ জায়ান্ট লুলু, মাইডিন, এনএসকে, এয়ন বিগ-এর মতো চেইন শপগুলোতে নিয়মিত অনলাইন ও অফলাইনে চলছে ছাড়ের বিজ্ঞাপন। এমনকি জনপ্রিয় অনলাইন শপ লাজাডা ও শপির মতো সাইটগুলো রমজান উপলক্ষে দিয়েছে বিশেষ ছাড়। রমজান মাস ধর্মীয় রীতিনীতিতে পালন করতে অভ্যস্ত মালয়েশিয়ানরা। এ মাসে নামাজ আদায়, রোজা রাখার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলতে পছন্দ করেন তারা। রমজানের শুরু থেকেই নাইট ক্লাব, বার, মদের দোকানগুলোর ওপর আনা হয় বিধিনিষেধ। এমনকি দিনে কোনো মুসলমান রেস্তোরাঁয় বসে খাবারও খেতে পারে না।

ইন্দোনেশিয়ায় পণ্যের পাশাপাশি কমানো হয়েছে বিমান ভাড়া ও টোল। দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো অভ্যন্তরীণ ফ্লাইটে বিমান যাত্রীদের ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। একই নির্দেশনায় কতগুলো হাইওয়ে বা মহাসড়কে টোল কমাতে বলা হয়েছে। রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবাইয়াসহ বড় বড় শহরে ঈদের আগে মানুষের ঘরে ফেরায় ব্যাপক চাপ পড়ে। এ সময় বিভিন্ন ধরনের পরিবহনে করে তারা গ্রামের বাড়ি ফেরেন। আত্মীয়স্বজনের কাছে যান নাড়ির টানে। ফলে রেলস্টেশন এবং বিমানবন্দরগুলোতে প্রচণ্ড ভিড় দেখা দেয়। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট সুবিয়ান্তো বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ রমজান শুরু হওয়ার দুই সপ্তাহ পর কার্যকর হওয়ার কথা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন