নেপালজুড়ে কারফিউ, চলাচলে বিধিনিষেধ, থমথমে পরিস্থিতি

নেপালজুড়ে কারফিউ, চলাচলে বিধিনিষেধ, থমথমে পরিস্থিতি

নেপালে সহিংস বিক্ষোভে ১৯ জন নিহত ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। রাস্তায় টহল দিচ্ছে সেনারা। জনসাধারণের চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। সেইসঙ্গে দেশজুড়ে কারফিউজ জারি করেছে সেনাবাহিনী। খবর দ্য হিমালয়ানের

বুধবার সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এক বিবৃতিতে বলেন, ‘আমরা প্রথমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন

টহলরত এক সেনা সাংবাদিকদের জানিয়েছেন, ‘আজ পরিস্থিতি শান্ত। সেনাবাহিনী সব জায়গায় রাস্তায় নেমেছে।’

সংবাদমাধ্যম দ্য হিমালয়ান সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর চলাচলে যে বিধিনিষেধ আরোপ করেছে, তা বলবৎ থাকবে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কারফিউ জারি করা হবে।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলেও বিবৃতিতে জানানো হয়।

সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবাদের নামে পরিচালিত যেকোনো অপরাধমূলক কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

কারফিউ চলাকালীন অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, অগ্নিনির্বাপণ গাড়ি এবং স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের ব্যবহৃত প্রয়োজনীয় যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। সেনাবাহিনী সকল নাগরিককে প্রয়োজনে নিকটবর্তী নিরাপত্তা কর্মীদের সাথে সমন্বয় করার জন্য অনুরোধ করেছে।

ভুল তথ্যের ফাঁদে না পড়তে অবসরপ্রাপ্ত সেনা, বেসামরিক কর্মচারী, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। ঐক্যের ওপর জোর দিয়ে জাতীয় অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন