আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। এক বিবৃতিতে সকল পক্ষকে শান্ত থাকার কথা বলেন তিনি। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান।
জেন-জিদের টানা দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর নেপালের পরিস্থিতি আপতত শান্ত রয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। জনসাধারণের চলাচলে সেনাবাহিনীর পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এমন পরিস্থিতি সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য বিক্ষোভকারীসহ সকল পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান প্রেসিডেন্ট পাওদেল।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সকল পক্ষকে শান্ত থাকার, জাতির আরো ক্ষতি রোধ করার এবং আলোচনার টেবিলে আসার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রে নাগরিকদের উত্থাপিত দাবিগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।’
গতকাল মঙ্গলবার পি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেলের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে খবরও প্রকাশ করেছিল কয়েকটি গণমাধ্যম।
পরে নেপালের সেনাবাহিনী জানায়, প্রেসিডেন্ট পাওদেল পদত্যাগ করেননি। সংবাদমাধ্যম বিজনেস টুডেসহ বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানায়।
বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবাদের নামে পরিচালিত যেকোনো অপরাধমূলক কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



