ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে, তার পারমাণবিক সম্ভাবনাকে এতো দ্রুত মুছে ফেলা হবে যে, কেউ আঙুল তোলার আগেই সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। খবর আল জাজিরার।

সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। সম্প্রতি তেহরান বলেছে, তারা বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে স্কটল্যান্ডে সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুবই বাজে বার্তা পাঠাচ্ছে।’

ট্রাম্প আরো বলেন, ‘ইরানের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তারা আবার এটা শুরু করতে পারে। যদি তারা করে, আপনি আঙুল তোলার আগেই আমরা সেটা নিশ্চিহ্ন করে দেব। আমরা এটা নির্দ্বিধায় করবো।’

গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার।

গত জুনে ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এটা ছিল পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের প্রথম বড় কোনো কূটনৈতিক আলোচনা। তবে আলোচনা থেকে তেমন কোনো অগ্রগতি বা সাফল্যের ঘোষণা আসেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন