কবুতর কমানোর চেষ্টা করছে ইউরোপের যে শহর

কবুতর কমানোর চেষ্টা করছে ইউরোপের যে শহর

জার্মানির রাজধানী বার্লিনের শহর কর্তৃপক্ষ কবুতরের সংখ্যা কমানোর চেষ্টা করছে৷ কারণ, কবুতরের জন্য শহরে ময়লার পরিমাণ বাড়ছে৷ জার্মানির আরো অনেক শহর একই চেষ্টা করছে৷ তবে এখনো কবুতরের সংখ্যা কমাতে পুরো সফল, এমন কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি৷ জার্মানি গণমাধ্যম এমন দাবি করেছে।

কবুতরকে অনেকে উড়ন্ত ইঁদুর বলে ডাকেন, আর অন্যরা তাদের পোষা প্রাণী মনে করেন৷

বিজ্ঞাপন

জার্মানির বার্লিনে কয়েক লাখ কবুতর বাস করে৷ ডরিন রোটে ১৪ বছর ধরে শহরের কেন্দ্রে কবুতরদের খাওয়াচ্ছেন৷ এর ফলে কবুতরদের মানুষের কাছ থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি৷ রোটে জানান, ‘‘তারা শুধু শস্য খায়৷ আমরা যদি তাদের না খাওয়াই তাহলে তারা যেখানে লোকজন খাওয়া-দাওয়া করে সেখানে যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারে৷ কবুতর সারাক্ষণ মানুষের পায়ের মাঝে খাবার খোঁজে, যা অনেকে পছন্দ করেন না৷ এটা কবুতরের জন্যও ভালো নয়৷''

আবর্জনা থেকে চিটচিটে খাবার খাওয়া পাখির হজমের জন্যও ভালো নয়৷

কবুতরেরা শহরের যেখানে ঘুরে বেড়ায়, সেখানে তাদের চিহ্ন রেখে যায়৷ কারণ, তারা প্রতি ১৫ থেকে ৩০ মিনিটে তারা মলত্যাগ করে৷

লাইবনিৎস ইনস্টিটিউটের ড. অলিভার ক্রোনে বলেন, ‘‘কবুতরেরা হয়ত বিপজ্জনক নয়, কিন্তু তাদের মল যদি এভাবে জমা হতে থাকে তাহলে সেটা ভালো কথা নয়, কারণ, এর ভেতরে সালমোনেলার ​​মতো কিছু ব্যাকটিরিয়া থাকতে পারে, যা মানুষ এবং অন্য প্রাণীর জন্য সমস্যার হতে পারে৷''

শহরে কবুতরের সংখ্যা সীমিত করার কাজটি জটিল৷ একটি সমাধান হলো, প্রকাশ্য স্থানে কাঁটা বা জাল বসানো যেন তারা সেখানে জড়ো হতে না পারে৷

ড. ক্রোনে বলেন, ‘‘এসব গৃহপালিত কবুতর নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়৷ কারণ, আপনাকে সেই কবুতরগুলোকে হাত দিয়ে ধরতে হবে এবং তাদের প্রজনন নিয়ন্ত্রণ করতে হবে৷ সে কারণে এটা প্রমাণিত যে, কবুতরের জন্য লফট বা বাসা তৈরি বেশি উপকারী হতে পারে৷''

কবুতরের বাসা - যেখানে যাদু দেখা যায়৷ সেখানে পাখিরা একসঙ্গে খায় এবং বসবাস করে৷

ডরিন রোটে কবুতরের একটি বাসা পর্যবেক্ষণে সহায়তা করেন যেটি একটি স্টেশনের কাছে অবস্থিত৷ বার্লিনে এমন তিনটি বাসা আছে৷ আহত কবুতরকেও এখানে আনা হয়৷ তবে প্রথমে তাদের আলাদা খাঁচায় রাখা হয়৷

বাসাটি কবুতরদের জন্য শুধু একটি আরামদায়ক জায়গা নয়, যা তাদের রাস্তা থেকে দূরে রাখে৷

কবুতর সারা বছর ধরে প্রতি কয়েক সপ্তাহে দুটি ডিম দেয়৷ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবীরা আসল ডিম সরিয়ে সেখানে কৃত্রিম ডিম রেখে দেন৷

এতে কি কাজ হচ্ছে? রোটে জানান, ‘‘আমরা এখন স্টেশনে আগের তুলনায় অনেক কম কবুতর দেখতে পাচ্ছি৷ এটি খুব স্পষ্ট, তবে পর্যাপ্ত পরিমাণে লফটে ব্যবস্থা করা গেলে সংখ্যা হ্রাসের হার উল্লেখযোগ্য হবে৷''

কিন্তু এটি কতটা বাস্তবসম্মত?

জার্মানির অনেক শহর কবুতরের সংখ্যা সীমিত করার বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখেছে৷ তবে কেউ এখনো নিখুঁত সমাধান খুঁজে পায়নি৷

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন