মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানীতে একটি উচ্চ বিদ্যালয়ে পদদলনের ঘটনায় কমপক্ষে ২৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। বারথেলেমি বোগানদা উচ্চ বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুটি হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে পদদলনের ঘটনা ঘটে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই কেন্দ্রে রাজধানী বাঙ্গুইয়ের ছয়টি স্কুলের মোট ৫ হাজারের বেশি শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিল। এই ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৬০ জন।
সূত্রটি বলেন, আমরা সত্যিই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। এটা ছিল ভয়াবহ। ডজন ডজন আহতকে নিয়ে আসা হচ্ছিল।
আরেক চিকিৎসা সূত্র নিহতের সংখ্যা ৩১ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা ভাবেন ভবনটি ধসে পড়তে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করার পর স্কুলের প্রধান ভবনের একটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করা হবে। পরীক্ষা কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলতে পারে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

